| ছবি: গিরিকণ্ঠ
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক এলাকা থেকে সন্দেহভাজন ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। বিজিবির অধীনস্থ দোপানীছড়া বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। গত সোমবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে দোপানীছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ত্রিদেশীয় পিলার-২৩৬৪ সংলগ্ন সীমান্তবর্তী স্থানে জিরো লাইন থেকে ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির চৌকস টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য রয়েছেন। অভিযানকালে তাদের নিকট থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জামাদি, ছুরি, দা, চাপাতি এবং ক্যাম্পিংয়ের জন্য প্রয়োজনীয় তাবুসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন— ঝিনাইদহের শৈলকুপার মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান সিহাব (২৮), ঢাকার ভাটরার মো. নাহিদ হাসান আশিক (৩৩), ঢাকার চকবাজারের এস ইসলাম সোহেল (৩৮), ভোলার চরফ্যাশনের মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)। এছাড়াও প্রাথমিক তথ্য অনুযায়ী অপর দুজন হলেন বান্দরবানের লংরাও মুরং (২৫) ও ডনরয় মুরং (৩০)। বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া আন্তর্জাতিক সীমান্তের এত সন্নিকটে উপস্থিতি অত্যন্ত সন্দেহজনক হওয়ায় এবং তা ১৯৭৩ সালের পাসপোর্ট আইনের ৩ অনুচ্ছেদের পরিপন্থী ও ১১(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাদের প্রাথমিকভাবে আটক করা হয়। পরবর্তীতে বিস্তারিত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর জোন সদরে আয়োজিত প্রেস কনফারেন্সে বিস্তারিত তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক ক্যাপ্টেন নূর মোঃ নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারী সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহা। প্রেস কনফারেন্সে জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ সীমান্ত লঙ্ঘন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।