প্রকাশ :: ... | ... | ...

দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী


সংযুক্ত ছবি

দুর্গম পাহাড়ে শিশুর চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ। | ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার ও রবিবার (৩ ও ৪ অক্টোবর) সকাল ১০টায় রৌনিন পাড়া ও দূর্নীবার পাড়ায় পৃথক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসাসেবা দেওয়া হয়। বান্দরবান রিজিয়নের নির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে মোট ১০৪ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। তাদের মধ্যে ২৬ জন শিশু, ৪০ জন নারী ও ৩৮ জন পুরুষ রয়েছেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এসব এলাকায় পৌঁছাতে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হয় এবং অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যেতে হয়। ফলে স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এমন বাস্তবতায় সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রৌনিন পাড়ার এক বাসিন্দা বলেন, গ্রামে কেউ অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া খুবই কঠিন। এখানে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এ সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূর্নীবার পাড়ার আরেক বাসিন্দা জানান, দূরে গিয়ে চিকিৎসা করানো তাদের জন্য কষ্টকর ও ব্যয়বহুল। পাড়াতেই বিনামূল্যে চিকিৎসক দেখানো ও ঔষধ পাওয়ায় তারা অনেক সুবিধা পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।