প্রকাশ :: ... | ... | ...

পদত্যাগ ছাড়াই এমপি মনোনয়ন জমা: মাধবী মারমাকে ঘিরে নতুন বিতর্ক


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা পদত্যাগ না করেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ২১ এপ্রিল তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। তবে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই নিশ্চিত করেন যে, মাধবী মারমা এখনো জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। চেয়ারম্যান বলেন, “তিনি এখনো সদস্য হিসেবে আছেন। মৌখিকভাবে কিছু বলা হলেও এখনো কোনো লিখিত পদত্যাগপত্র জমা পড়েনি। অনলাইনে হয়তো কিছু হয়েছে, তবে হার্ড কপি আমাদের কাছে আসেনি।” সদস্য পদে বহাল থেকে জাতীয় সংসদের মনোনয়ন জমা দেওয়া আইনসম্মত কি না—এমন প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মাধবী মারমা ফোন রিসিভ করেননি। এদিকে, গত ২০ এপ্রিল তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। দলের কোনো পদে সক্রিয় না থেকেও মনোনয়ন পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেক নেতাকর্মী। উল্লেখ্য, মাধবী মারমা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী আইন কর্মকর্তা (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পান এবং বর্তমানে সেই পদেই বহাল রয়েছেন।