প্রকাশ :: ... | ... | ...

বিলাইছড়ি সেনাজোনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও সচেতনতা


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

​বিলাইছড়ি জোনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান ​রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিলাইছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে। ২০ জুন (শনিবার) বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ​অভিযান চলাকালে বিলাইছড়ি জোন হেডকোয়ার্টার এলাকা, বিলাইছড়ি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের জনসমাগমস্থল থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, বোতল ও পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। একই সাথে সেনাসদস্যরা স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করেন এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ​বিলাইছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ ফখরুল আবেদীন জানান, বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ একটি ভয়াবহ অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছে, যা আমাদের মাটি, পানি ও সামগ্রিক ইকোসিস্টেমকে বিপন্ন করে তুলছে। বিশেষ করে রাঙ্গামাটির মতো পার্বত্য ও পর্যটনসমৃদ্ধ এলাকায় প্লাস্টিক বর্জ্যের যত্রতত্র ব্যবহার এখানকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এক বিরাট হুমকি। ​তিনি আরও উল্লেখ করেন, বিলাইছড়ি জোনের এই বর্জ্য অপসারণ অভিযান কেবল একটি সাময়িক পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, বরং পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে এক জোরালো প্রতিরোধ ও সচেতনতার বার্তা। ​সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম পরিবেশ দূষণ হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।