| ছবি: মোহাম্মদ শাকিব হোসেন
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে টানা দ্বিতীয়বারের মতো পানির নিচে তলিয়ে রয়েছে রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতু। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) পর্যন্ত টানা ১৩ দিন ধরে পানির নিচে রয়েছে সেতুটির বিভিন্ন অংশ। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় সেতুর ওপর দিয়ে পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও দূর-দূরান্ত থেকে আসা অনেক পর্যটক তা উপেক্ষা করে সেতু এলাকায় ভিড় করছেন। কেউ কেউ সেতুর আশপাশে দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করছেন, আবার অনেকে নিষেধাজ্ঞা অমান্য করে সেতুর ওপর ওঠার চেষ্টা করছেন। পর্যটকদের অনেকেই বলছেন, পানির মধ্যে নিমজ্জিত ঝুলন্ত সেতুর এমন দৃশ্য তাদের কাছে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। পানির সঙ্গে সেতুর এমন দৃশ্যকে ঘিরে অনেকেই আনন্দঘন ও স্মরণীয় মুহূর্ত কাটাচ্ছেন। তবে দীর্ঘদিন পানির নিচে থাকায় সেতুর তলপাটে থাকা কাঠ পিচ্ছিল হয়ে যাচ্ছে। ফলে সেতুর ওপর ওঠা বা চলাচলের সময় পিছলে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।