| ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৪টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৭ জুলাই) দুপুরে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া এলাকার ভারতীয় সীমান্তসংলগ্ন স্থানে বিশেষ অভিযান চালায় ২৩ বিজিবির একটি টহলদল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ২টি বিদেশি ও ২টি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারীরা বিজিবির ওপর অতর্কিত গুলিবর্ষণ করে জব্দ করা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি বর্ষণ করেন। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে উভয় পক্ষে গোলাগুলির পর চোরাকারবারীরা রাতের আঁধারে সীমান্ত এলাকায় পালিয়ে যায়। তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচার রুখতে বিজিবির নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।