প্রকাশ :: ... | ... | ...

প্লেব্যাক গান ছাড়ছেন অরিজিৎ? ঘোষণায় ভক্তদের মধ্যে প্রশ্ন


সংযুক্ত ছবি

অরিজিৎ সিং | ছবি: আনন্দবাজার

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ নেবেন না—ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের এমন ঘোষণায় তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রজাতন্ত্র দিবসে নতুন ছবির গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না।’ হঠাৎ এই ঘোষণায় ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিস্ময় ছড়িয়ে পড়ে। তবে সংগীত ছাড়ছেন না—এ কথাও স্পষ্ট করেন অরিজিৎ। তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করবেন এবং চলতি বছরে নতুন কিছু গান প্রকাশ পাবে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের প্রতিক্রিয়া তীব্র। অনেকেই প্রশ্ন তুলছেন—এটি কি প্লেব্যাক থেকে স্থায়ী অবসর, নাকি অরিজিতের নতুন কোনো অধ্যায়ের শুরু? মাত্র ৩৮ বছর বয়সেই ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে পরিচিত অরিজিৎ। ‘আশিকি ২’–এর ‘তুম হি হো’ দিয়ে তারকাখ্যাতি পাওয়া এই গায়কের কণ্ঠে প্রেম, বিরহ ও ভক্তির গান আলাদা পরিচিতি তৈরি করেছে। প্লেব্যাক নিয়ে তাঁর ভবিষ্যৎ সিদ্ধান্ত কী হবে—তা আপাতত সময়ই বলে দেবে।