| ছবি: গিরিকন্ঠ
বান্দরবানের লামা উপজেলাকে পর্যটকদের জন্য নিরাপদ, আধুনিক ও আকর্ষণীয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) লামা থানা পুলিশের বিশেষ আয়োজনে "পর্যটন ও নিরাপত্তা: আমাদের করণীয়" শীর্ষক এই সেমিনারটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন এবং উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বান্দরবানের পুলিশ সুপার জনাব মোঃ আব্দুর রহমান। সেমিনারে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধিতে পর্যটন খাতের ভূমিকা অপরিসীম। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে এই অঞ্চলে দেশি-বিদেশি দর্শনার্থীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এজন্য পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় একটি অভেদ্য নিরাপত্তা বলয় গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। আধুনিক প্রযুক্তি ও জনবল ব্যবহারের মাধ্যমে লামার পর্যটন কেন্দ্রগুলোকে আরও নিরাপদ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। বক্তারা লামার পর্যটন বিকাশে বিদ্যমান সমস্যা ও সমাধানে পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। নিরাপদ পর্যটন ব্যবস্থার মাধ্যমে লামাকে একটি মডেল হিসেবে উপস্থাপন করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান।