বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত জেলার বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১ লাখ ৫০ হাজার ২৮৩ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, মাসব্যাপী পরিচালিত এসব অভিযানে ইয়াবার পাশাপাশি দেশীয় তৈরি চোলাই মদ, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— ১ লাখ ৫০ হাজার ২৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১ বোতল হুইস্কি ও ১ বোতল বিয়ার। এছাড়াও মাদক কারবারে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১টি সিএনজি, ২টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৫ লাখ ৯৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
অভিযানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু উদ্ধার ও গ্রেফতারের ঘটনা হলো:
-
৪ সেপ্টেম্বর: জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১ জনকে গ্রেফতার।
-
১২ সেপ্টেম্বর: নাইক্ষ্যংছড়ি থানায় ৬০ হাজার পিস (ওজন ৫ কেজি ৪০০ গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ২ জনকে গ্রেফতার।
-
১৫ সেপ্টেম্বর: ঘুমধুম তদন্ত কেন্দ্র কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১ জনকে গ্রেফতার।
-
২৮ ও ২৯ সেপ্টেম্বর: নাইক্ষ্যংছড়ি থানায় পৃথক অভিযানে আরও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্যের বিস্তার রোধ, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।