বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে। তবে দোকান ও ঘরে থাকা দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাজারের অধিকাংশ দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, দুর্গম এলাকার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্তের পর আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
উল্লেখ্য, এর আগেও ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল বাঘমারা বাজার।