পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, খুব শীঘ্রই রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলার জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে। এ লক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয়ে কাজ চলমান রয়েছে বলে তিনি জানান। সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং শিক্ষার মানোন্নয়নে পর্যায়ক্রমে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এছাড়া পর্যটন খাতকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন করা এবং সাজেক পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য সড়ক সম্প্রসারণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। পাহাড়ে চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, সম্প্রীতি রক্ষা এবং জনগণের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ওবায়দুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী এবং পুলিশ সুপার মোরতোজা আলীসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে বিকেলে মন্ত্রী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক কর্মী সমাবেশেও অংশ নেন।