বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাবেক হেডম্যান যোহন ত্রিপুরার বিরুদ্ধে স্মারকলিপি দিতে আসা ডলুছড়ি মৌজার পাহাড়ী-বাঙালী নারী-পুরুষেরা। | ছবি: গিরিকণ্ঠ
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজার সাবেক হেডম্যান যোহন ত্রিপুরার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থের বিনিময়ে ভুয়া রিপোর্ট প্রদান ও জমির দলিল জালিয়াতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, বিচার এবং দ্রুত নতুন হেডম্যান নিয়োগের দাবিতে জেলা প্রশাসক ও বোমাং রাজার সার্কেল বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ডলুছড়ি মৌজার পাহাড়ি-বাঙালী উভয় সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে জেলা প্রশাসক ও বোমাং রাজার কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, সাবেক হেডম্যান যোহন ত্রিপুরা দায়িত্ব পালনকালে জমি-জমা সংক্রান্ত বিষয়ে অর্থের বিনিময়ে ভূয়া রিপোর্ট প্রদান ও দলিল জালিয়াতির মতো গুরুতর অপরাধে লিপ্ত ছিলেন। তার এসব অনিয়মের কারণে মৌজার স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। স্মারকলিপি প্রদানকালে স্থানীয় বাসিন্দারা বলেন, "জমির ভুয়া রিপোর্ট ও দলিল জালিয়াতির মতো অনিয়মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে হবে।" তারা আরও জানান, ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে একজন নতুন হেডম্যান নিয়োগ দেওয়া প্রয়োজন। নিরপেক্ষ তদন্ত ও নতুন হেডম্যান নিয়োগের মাধ্যমেই এলাকার সাধারণ মানুষের ভোগান্তি নিরসন সম্ভব বলে মনে করছেন ভুক্তভোগীরা।