প্রকাশ :: ... | ... | ...

লামায় অনাথ আশ্রমের জমি দখলের অভিযোগে মানববন্ধন, শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা পৌরসভায় অবস্থিত ‘রংখেদঃ শিশু সদন’ নামের একটি অনাথ আশ্রমের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আশ্রমের ভোগদখলীয় জমি দখলের উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্নভাবে আশ্রমে আতঙ্ক তৈরি করা হচ্ছে। বক্তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি আশ্রমে অনধিকার প্রবেশ, ভিডিও ধারণ ও উসকানিমূলক আচরণের মাধ্যমে পরিবেশ অস্থিতিশীল করে তুলছেন। এতে সেখানে বসবাসরত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে আশ্রমটিতে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ১২২ জন শিশু বসবাস করছে বলে জানা যায়। স্থানীয়দের মতে, চলমান পরিস্থিতি শিশুদের স্বাভাবিক জীবনযাত্রা ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি তথাকথিত হোল্ডিংয়ের অজুহাতে আশ্রমটি উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। তবে আশ্রম কর্তৃপক্ষ বলছে, এই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। বক্তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।