প্রকাশ :: ... | ... | ...

রোয়াংছড়িতে ১৫৫ সুবিধাবঞ্চিত পরিবার পেল ল্যাট্রিন সামগ্রী ও নগদ সহায়তা


সংযুক্ত ছবি

রোয়াংছড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ সহায়তা বিতরণ। | ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্দশাগ্রস্ত পরিবারের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ১৫৫টি পরিবারের মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ওয়াশ ইন এফসি পিবিআই’ প্রকল্পের আওতায় আয়োজিত এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে, যার অর্থায়ন করেছে ওয়ার্ল্ড ভিশন ইউএসএ। হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা ওয়াশ অফিসার মংটিংসাই মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজনিম আলম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আয়েশা এবং রোয়াংছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ওয়ার্ল্ড ভিশনের রোয়াংছড়ি এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং উপকারভোগীদের ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাজনিম আলম তুলি বলেন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান পূর্বশর্ত। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত এ ধরনের মানবিক উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতায় চূড়ান্তভাবে নির্বাচিত ১৫৫টি পরিবারের প্রত্যেককে ল্যাট্রিন নির্মাণ সামগ্রীর পাশাপাশি ৭ হাজার ৪৭৩ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।