প্রকাশ :: ... | ... | ...

রোয়াংছড়িতে ভূমিসেবা মেলা আজ


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বকেয়া খাজনা পরিশোধে ভূমি মালিকদের প্রতি আহ্বান ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে আজ শুরু হচ্ছে ভূমিসেবা মেলা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় সাধারণ জনগণকে দ্রুত ও সহজ ভূমিসেবা প্রদান করা হবে। এ উপলক্ষে গতকাল সোমবার (১৮ মে) রোয়াংছড়ি উপজেলা ভূমি অফিসে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে মেলার সার্বিক কার্যক্রম ও সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ বলেন, মেলায় ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, ই-নামজারি, খতিয়ান সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদান করা হবে। সাধারণ মানুষ যাতে সহজেই সরকারি ভূমিসেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, যেসব ভূমি মালিকের ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা বকেয়া রয়েছে, তাদের আগামী ৩০ জুনের মধ্যে তা পরিশোধ করতে হবে। কারণ বকেয়া খাজনা থাকলে সংশ্লিষ্ট জমি বিক্রয়, হস্তান্তর কিংবা নামজারি কার্যক্রমে জটিলতা তৈরি হয়। ব্রিফিংয়ে জানানো হয়, অনাদায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ‘সরকারি দাবী আদায় আইন, ১৯১৩’ অনুযায়ী সার্টিফিকেট মামলা দায়ের করা যেতে পারে। পাশাপাশি ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০’ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে জমি খাস করারও আইনি সুযোগ রয়েছে। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) সর্বসাধারণকে মেলায় এসে বকেয়া খাজনা পরিশোধসহ প্রয়োজনীয় সব ধরনের ভূমিসেবা গ্রহণের আহ্বান জানান।