রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে শিক্ষার্থীদের মানববন্ধন | ছবি: গিরিকন্ঠ
শিশু রামিসা হত্যাকাণ্ড ও বান্দরবানের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে রবিবার শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে “বান্দরবান সচেতন ছাত্র সমাজ”। সমাবেশ থেকে পাহাড়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, নারী নির্যাতন ও ধর্ষণের বিচার এবং সক্রিয় নিষিদ্ধ সংগঠনের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং শিশু রামিসার হত্যাকাণ্ড বর্তমান পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তারা অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রনেতা আসিফ ইকবাল। এছাড়া বক্তব্য রাখেন সৈয়দ আল মাশরুর জিসান, মো. ইসমাইল, মিজানুর রহমান সাকিব, রুমানা আক্তার প্রিয়া ও মাহীর ইরতিসাম। সভাপতির বক্তব্যে আসিফ ইকবাল বলেন, শিশু ও নারীর ওপর নির্যাতনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ছাত্র সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধন শেষে সচেতন ছাত্র সমাজের একটি প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয়।