| ছবি: গিরিকণ্ঠ
বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিত উপস্থিতি এবং নানা অনিয়মের অভিযোগে আলীকদম উপজেলার দুর্গম এলাকার ১৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার অনুমোদন দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার আবেদন করে, যা পরবর্তীতে জেলা পরিষদ অনুমোদন দেয়। অভিযুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন রেংপু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকসহ কয়েকজন সহকারী শিক্ষক। এছাড়া রাইতুমনি পাড়া এবং মেনকেউ মেনক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষকও এই মামলার তালিকায় আছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা জানান, ২০২৪ সালে এসব বিদ্যালয়ে নিয়মিত ক্লাস না হওয়া, অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় এবং পরে অভিযোগের প্রমাণ পাওয়া যায়। আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে প্রতিবেদন জেলা অফিসে পাঠানো হয় এবং সেখান থেকেই বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়। বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।