| ছবি: গিরিকণ্ঠ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পার্বত্য জেলা বান্দরবান। বন্যায় জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চরম সংকটে পড়েছেন হাজার হাজার পানিবন্দী মানুষ। এই কঠিন সময়ে অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা। আজ শনিবার (১১ জুলাই) তিনি বান্দরবানের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান এবং পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনকালে জাবেদ রেজার সাথে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন তুষার এবং বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবিদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণকালে জনাব জাবেদ রেজা বলেন, "বান্দরবানের মানুষ আজ চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এই দুর্যোগে ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।" তিনি সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে বান্দরবান ও দেশের সকল বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তারা চরম খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছিলেন। এই পরিস্থিতিতে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘরে ঘরে খাদ্য ও ওষুধ পৌঁছানোয় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন এবং এই মানবিক প্রচেষ্টার প্রশংসা করেছেন। বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গম এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।