প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানে প্রথম ফুল-স্ট্যাক সফটওয়্যার প্রতিষ্ঠান 'ইল্যুশন টেকনোলজিস' এর যাত্রা শুরু


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

সফট ওপেনিং ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পার্বত্য জেলা বান্দরবানের প্রথম ফুল-স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান 'ইল্যুশন টেকনোলজিস'। প্রতিষ্ঠানটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ই-কমার্স সল্যুশন, কাস্টম সফটওয়্যার, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ও ব্র্যান্ডিং, UI/UX ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন আধুনিক আইটি সেবা প্রদান করবে। একই সাথে জেলাটিতে দক্ষ আইটি পেশাদার তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত হবে ‘ইল্যুশন টেকনোলজিস স্কিল ডেভেলপমেন্ট একাডেমি’। এই একাডেমিতে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এমএস অফিস, জুনিয়র কোডিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ যুগোপযোগী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এর প্রতিষ্ঠাতা খন্দকার মো: আখলাক হোসেন বান্দরবানের প্রযুক্তিগত উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "বান্দরবান প্রযুক্তি খাতে এখনও অনেক পিছিয়ে রয়েছে। বান্দরবানের সন্তান হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো প্রযুক্তিগতভাবে এই জেলাটিকে এগিয়ে নেওয়া, এখানকার তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং এই পাহাড়ী অঞ্চল থেকেই বিশ্বমানের প্রযুক্তি সেবা নিশ্চিত করা।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ফারুক ইনস্টিটিউট, বান্দরবানের প্রধান শিক্ষক আমিন উল্লাহ ও সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান; বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক আরফান হাবিব; লিটন চন্দ্র দেবনাথ এবং মাইদুল ইসলাম। এছাড়াও বিশিষ্ট সমাজসেবক আহসানুল আলম রুমুসহ বান্দরবানের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ উদ্যোক্তা ও স্থানীয় আইটি উৎসাহীরা এই সময় উপস্থিত ছিলেন। অতিথিরা বান্দরবানে এমন একটি সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।