প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে সেনার মানবিক হাত: দুর্যোগের ক্ষত মুছতে জরুরি সহায়তা প্রদান


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং আর্তমানবতার সেবায় দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন। বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতায়, রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ৯ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ১৭টি পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগের মুখে পড়ে। খবর পেয়ে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনায় দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বান্দরবান সদর জোন। এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ১৬:০০ ঘটিকায় আয়োজিত সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবার তুলে দেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের পাশে থাকার জোরালো আশ্বাস দেন। সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার সঞ্চার করেছে। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতার প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করে আন্তরিক কৃতজ্ঞতা জানান। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পাশাপাশি জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যমে বান্দরবান রিজিয়ন ও সদর জোন তাদের মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকার নিরলসভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।