প্রকাশ :: ... | ... | ...

পাহাড়ে চাঁদাবাজি-অপহরণ-হত্যা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেস ক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। বান্দরবান জেলা নাগরিক পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দীন, কেন্দ্রীয় নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান পৌরসভা নাগরিক পরিষদের সভাপতি সামচুল হক সামু, কেন্দ্রীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইবরাহীম এবং বান্দরবান জেলা ছাত্র পরিষদের সভাপতি মো. আসিফ ইকবাল। বক্তারা বলেন, পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পাহাড়ে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তারা। মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।