প্রকাশ :: ... | ... | ...

পাহাড়ে উন্নয়নের নতুন গতি, বান্দরবানে শিক্ষা-কৃষি ও নারীদের সহায়তা


সংযুক্ত ছবি

বান্দরবানে শিক্ষা, কৃষি ও নারী ক্ষমতায়নে উন্নয়ন সামগ্রী বিতরণ—প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের হাতে কৃষকের জন্য পাওয়ার টিলারের প্রতীকী চাবি হস্তান্তর। | ছবি: গিরিকন্ঠ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শিক্ষা, কৃষি ও নারী ক্ষমতায়নের মাধ্যমে জীবনমান উন্নয়নের লক্ষ্যে বান্দরবানে উন্নয়ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বান্দরবান ইউনিট অফিসের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি। এ সময় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি না করে কোনো অঞ্চলের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।” তিনি বলেন, মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা আধুনিক ও ডিজিটাল শিক্ষার সুযোগ পাবে। একই সঙ্গে পাওয়ার টিলার কৃষকদের উৎপাদন বাড়াতে এবং সেলাই মেশিন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় মানুষের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিক্ষা, কৃষি ও নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ অঞ্চলকে আরও আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সবসময় পাহাড়ের মানুষের পাশে আছে।” শিক্ষা, কৃষি এবং নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে এ ধরনের উন্নয়নমূলক ও কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মাল্টিমিডিয়া সামগ্রী, প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং সুবিধাভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। উন্নয়ন সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা জানান, এসব সহায়তা তাদের শিক্ষা কার্যক্রম, কৃষি উৎপাদন ও আয়মূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।