প্রকাশ :: ... | ... | ...

নেত্র নিউজের প্রতিবেদন ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি স্থানীয়দের


সংযুক্ত ছবি

লামা-আলীকদমে নেত্র নিউজের প্রতিবেদনের প্রতিবাদে স্থানীয়দের আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ। | ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় অনলাইন সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবেদনটিতে স্থানীয় ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার বিরুদ্ধে ম্রো সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে শিক্ষার সুযোগ দিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ আনা হয়। এ অভিযোগের প্রতিবাদে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবেদনের তথ্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকজন নওমুসলিমও উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, মাদ্রাসার পরিচালক ডা. মো. ইউসুফ আলী পাহাড়ি ম্রো শিশুদের ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করছেন এবং তাদের নাম পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি আস-আদ একাডেমি, চৈক্ষ্যং ও এগারো কিলো মডেল একাডেমি মাদ্রাসাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষার্থীরা জানান, তারা অভিভাবকের সম্মতিতেই সেখানে পড়াশোনা করছেন এবং তাদের ওপর কোনো ধরনের ধর্মান্তরের চাপ প্রয়োগ করা হয়নি। এগারো কিলো মুসলিম পাড়া জামে মসজিদের ইমাম ইব্রাহিম ত্রিপুরা বলেন, “পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধর্মে ধর্মান্তরের ঘটনা ঘটলেও নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এমন অভিযোগ তোলা উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে।” মানববন্ধনে অংশ নেওয়া এক ম্রো শিক্ষার্থীও বলেন, “আমরা নিজের ইচ্ছায় এবং পরিবারের অনুমতি নিয়ে এখানে পড়তে এসেছি। আমাদের কখনো ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়নি।” মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য সংশোধন বা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল সাংবাদিকতা করার দাবি জানান অংশগ্রহণকারীরা।