| ছবি: গিরিকণ্ঠ
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা, পাহাড়ি ঢল ও বর্ষা মৌসুমে জনদুর্ভোগ নিরসনে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে বড়ুয়া পাড়ায় এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয়রা এটিকে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। প্রকল্প সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি সদর খাল ও সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি খাল—এই দুই খালের মোট ৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট ও দখলের কারণে খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। প্রাথমিকভাবে ২৫৯ জন শ্রমিক দিয়ে খনন কাজ শুরু হয়েছে। পরবর্তীতে কাজের গতি বাড়াতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বন বিভাগের আপত্তির কারণে পূর্ব নির্ধারিত একটি খালের পরিবর্তে জারুলিয়াছড়ি খালকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে প্রকল্প বাস্তবায়নে এখন আর কোনো বাধা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, প্রতি বছর বর্ষায় পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় হাজারো মানুষ দুর্ভোগে পড়েন। এ প্রকল্প বাস্তবায়িত হলে সেই কষ্ট অনেকটাই কমে আসবে। উদ্বোধন শেষে আয়োজিত সভায় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, পরিকল্পিতভাবে খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে নাইক্ষ্যংছড়ির মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে উঠবে। স্থানীয় বাসিন্দাদের আশা, প্রকল্পটি সময়মতো শেষ হলে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমে এসে এলাকায় স্বস্তি ফিরবে।