প্রকাশ :: ... | ... | ...

থানচির দুর্গম পাহাড়ে ৮ দিন আটকে থাকার পর ৪ পর্যটককে উদ্ধার করলো বিজিবি


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসা খিয়াংপাড়ায় দীর্ঘ আট দিন ধরে আটকে থাকা চার পর্যটক ও একজন স্থানীয় গাইডকে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, গত ৪ জুলাই পর্যটকদের এই দলটি অমিয়াখুম ও ভেলাখুম ভ্রমণে যান। কিন্তু হঠাৎ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল শুরু হলে তারা উপজেলার তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের থুইসা খিয়াং পাড়ায় আটকা পড়েন। যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই এলাকায় আটকে থাকা অবস্থায় ওই গ্রামের এক বাসিন্দা সম্পূর্ণ মানবিক কারণে বিনামূল্যে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীনস্থ জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের খোঁজখবর নেন এবং তাদের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করেন। শনিবার সকালে বিজিবির একটি উদ্ধারকারী টহল দল দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে পর্যটকদের উদ্ধার করে প্রথমে নিয়াপিউ ম্রোপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে সেখান থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় তাদের নিরাপদে থানচি সদরে পৌঁছে দেওয়া হয়। এর আগে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের দিকনির্দেশনায় জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প থেকে একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিজিবির এই দ্রুত ও সফল উদ্ধার অভিযান স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।