চট্টগ্রামে উদ্ধার লামার ৩ নিখোঁজ ছাত্রী | ছবি: গিরিকন্ঠ
বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম মহানগরী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিন ছাত্রী হলেন— রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা বান্দরবানের লামা থানাধীন ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে ওই তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১৪ অক্টোবর দিবাগত রাতে খুলশী থানা পুলিশ ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের একটি বাসায় পৃথক অভিযান পরিচালনা করে তিন ছাত্রীকে উদ্ধার করে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, তিন ছাত্রী ওই এলাকায় বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিলেন। খুলশী থানা পুলিশ জানায়, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে আজ ১৫ অক্টোবর উদ্ধার হওয়া তিন স্কুলছাত্রীকে নিরাপদ ও সুস্থ অবস্থায় আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ চার দিন পর সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে পরিবারগুলো। একই সঙ্গে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বজনরা।