প্রকাশ :: ... | ... | ...

ঈদ ছুটিতে পর্যটকে প্রাণ ফিরেছে বান্দরবানে


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকন্ঠ

পবিত্র ঈদুল আযহার টানা সাত দিনের ছুটিতে পর্যটকদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। সবুজ পাহাড়, মেঘ আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও দেবতা খুমে বেড়েছে পর্যটকদের উপস্থিতি। পাহাড়, ঝর্ণা, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সময় কাটাচ্ছেন নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী দর্শনার্থীরা। দীর্ঘ ছুটিকে ঘিরে বান্দরবানের হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতেও বেড়েছে ব্যস্ততা। অধিকাংশ আবাসিক স্থানে পর্যটকদের বুকিং প্রায় পূর্ণ। পর্যটকদের উন্নত সেবা দিতে কর্মব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। পর্যটন ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা জানান, বান্দরবান সম্প্রীতির জেলা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক বলেন, ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকরা নির্বিঘ্নে বান্দরবানে ভ্রমণ করতে পারবেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় থাকা পর্যটন কেন্দ্রগুলোতেও ভ্রমণে উৎসাহ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুর্গম পার্বত্য এলাকা হলেও বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। ঈদ উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঈদের আনন্দঘন ছুটি শেষে পর্যটকেরা সুন্দর স্মৃতি নিয়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরবেন।