প্রকাশ :: ... | ... | ...

আলীকদমে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সৎ নানাকে পিটিয়ে আহত বাবার


সংযুক্ত ছবি

১০০ টাকা কে দিয়েছে?’—বাবার প্রশ্নে বেরিয়ে এলো শিশুকে ধর্ষণের অভিযোগ | ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে লোহার পাইপ দিয়ে আঘাত করে আহত করেছেন শিশুটির বাবা। পরে ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ব্যক্তিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিষয়টি পুলিশের নজরে আসে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি হিসেবে একই এলাকার মোস্তাক আহম্মদ (৫৫)-এর নাম জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা এবং তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন মোস্তাক আহম্মদ। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে পরিবারের কাছে অভিযোগ করে শিশুটি। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ১০০ টাকা দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। শিশুটির বাবা জানান, শনিবার সকালে মেয়ের কাছে ১০০ টাকার একটি নোট দেখতে পেয়ে তিনি টাকা কোথা থেকে পেয়েছে জানতে চান। একপর্যায়ে শিশুটি তার বাবার কাছে আগের দিনের ঘটনা খুলে বলে। এতে ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা অভিযুক্তের বাড়িতে গিয়ে লোহার পাইপ দিয়ে তার ডান হাতে আঘাত করেন। এতে অভিযুক্ত ব্যক্তি আহত হন এবং তার হাত ভেঙে গেছে বলে জানা গেছে। পরে স্বজনরা ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত ব্যক্তিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছি। ইতোমধ্যে প্রাথমিক পরীক্ষার রিপোর্ট পুলিশের কাছে পাঠানো হয়েছে।’ আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’