আলীকদম থানা পুলিশের নিয়মিত অভিযান: ইয়াবা সেবনকারী আটক ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিনামা । | ছবি: গিরিকন্ঠ
বান্দরবানের আলীকদমে পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবাসহ জিয়াবুল করিম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আলীকদম থানা পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে জিয়াবুল করিমকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার পরিহিত প্যান্টের পকেট থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলমকে অবহিত করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ইয়াবা সেবনের কথা স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জিয়াবুল করিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সংক্রান্ত মোবাইল কোর্ট মামলার নম্বর ৫৪। সাজাপ্রাপ্ত জিয়াবুল করিম নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আজিজুর রহমান। পরে রোববার সকাল ৭টার দিকে পুলিশ এসকর্টের মাধ্যমে তাকে বান্দরবান সদর কোর্টে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে, আলীকদমে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।