“বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। বুধবার (২৯ জুলাই) বিকেলে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ সমাপনী অনুষ্ঠান ও মেলায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য পরিকল্পিত বৃক্ষরোপণ ও তা সঠিকভাবে পরিচর্যার কোনো বিকল্প নেই। বক্তারা আরও উল্লেখ করেন, নিয়ম মেনে বয়স বা আকার বৃদ্ধির পর গাছ কর্তন করা হলেও, প্রাকৃতিক সামঞ্জস্য বজায় রাখতে ওই শূন্য স্থানে অবিলম্বে নতুন বৃক্ষ রোপণ নিশ্চিত করতে হবে। আয়োজক সূত্রে জানা যায়, গত ২০ জুলাই থেকে শুরু হওয়া এই বৃক্ষরোপণ অভিযান ও মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এবারের মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা নিয়ে অর্ধশতাধিক স্টল অংশ নেয়। মেলা ঘিরে স্থানীয় বৃক্ষপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।