| ছবি: সংগৃহীত
বান্দরবান সদর থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত দল ও এর অঙ্গসংগঠনের দুই শীর্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানায় দায়েরকৃত মামলা নং-০৭ (তারিখ: ১৫/০৮/২০২৬ খ্রিঃ, জিআর নং-৯৬/২০২৬) এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০২৫)-এর ৬, ৮, ৯ ও ১০ ধারার অধীনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১. জিহাদুল আলম তুহিন (২২): বান্দরবান সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক 'খ' শাখা ছাত্রলীগের সভাপতি। তিনি বান্দরবান পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাটা এলাকার বাসিন্দা দিলদার আলম ও আরাফা আক্তারের ছেলে। ২. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন (৫০): বাংলাদেশ কৃষক লীগ, বান্দরবান জেলা শাখার সভাপতি। তিনি বান্দরবান বাজারের ০৩ নম্বর গলির 'ছাত্রবন্ধু লাইব্রেরী' এলাকার বাসিন্দা মৃত পুলিন বিহারী বড়ুয়া ও মৃত সচি রানী বড়ুয়ার ছেলে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ওই দুই আসামিকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।