| ছবি: গিরিকণ্ঠ
পাহাড়, বনভূমি ও প্রকৃতিকে ঘিরে শিল্পীদের এক ব্যতিক্রমী অনুসন্ধান এবং সম্মিলিত শিল্পচর্চার চার দিনব্যাপী আয়োজন শুরু হয়েছে। 'আর্টভেন্টাস' (ArtVentas)-এর উদ্যোগে গত ৩০ অক্টোবর শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। ‘A Collective Land Art Narrative’ শিরোনামের এই আয়োজনে দেশের ১০ জন প্রতিভাবান চিত্রশিল্পী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী ১০ জন শিল্পী হলেন—মানির মৃৎতিক, কুন্তল বাড়ৈ, সব্যসাচী মজুমদার, নয়ন কর, রনি মণ্ডল, ফয়জুল ইসলাম, শওকত শাওন, মো. হাসেম বনানী এবং সিমলাই উহাই মারমা। শিল্পী কুন্তল বাড়ৈয়ের কিউরেশনে পরিচালিত এই আয়োজনে শিল্পীরা পায়ে হেঁটে বান্দরবানের পাহাড়ি পথ, বনভূমি ও টিলার ঢাল ঘুরে দেখছেন। এ সময় তাঁরা পাহাড়ের ভূপ্রকৃতি, গাছপালা, প্রাকৃতিক পরিবেশ এবং বাঁশ-ছনের তৈরি স্থানীয় মাচাং ঘরের নির্মাণশৈলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এই আয়োজনের অংশ হিসেবে বান্দরবানের পাহাড়চূড়ার একটি প্রাচীন বৃক্ষের ছায়ায় মাঠপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, সন্ধ্যায় বাঁশের তৈরি খোলা মণ্ডপে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন উপস্থাপনা, মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় চলছে, যেখানে শিল্পীরা তাঁদের পর্যবেক্ষণগুলো তাৎক্ষণিক স্কেচের মাধ্যমে ধারণ করছেন। উদ্যোগটির মূল ধারণায় ভূমি, প্রকৃতি ও মানুষের অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি সম্মিলিত শিল্প-আখ্যান গড়ে তোলার কথা বলা হয়েছে, যেখানে ভূদৃশ্য কেবল শিল্পকর্মের বিষয় নয় বরং অনুভূতি ও সৃজনশীল প্রকাশের একটি সক্রিয় ক্ষেত্র। এ বিষয়ে প্রধান সমন্বয়ক হাসেম সারওয়ার জানান, বান্দরবানের পাহাড়, বন ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অনুধাবনের পাশাপাশি শিল্পের মাধ্যমে সেই অভিজ্ঞতা প্রকাশ এবং পরিবেশসচেতন ও দায়িত্বশীল পর্যটনের ধারণাকেও এই আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া পুরো আয়োজনের আলোকচিত্র, ভিডিও ও দৃশ্যভিত্তিক নথি সংরক্ষণে ডকুমেন্টেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে 'গ্যালারি হালখাতা' (Gallery Halkhata)।