| ছবি: গিরিকণ্ঠ
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ সভায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, আঞ্চলিক সমন্বয় এবং Erasmus Mundus Programme-এর আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচির সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ-এর পলিটিক্যাল অফিসার সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, হিউম্যান ক্যাপিটাল টিম লিডার জুরাতে স্মালস্কিতে মেরভিল, প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা এবং প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার ভূঁইয়া। অন্যদিকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহিবুল্লাহ সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, প্রক্টর হাসান মাহমুদ, ছাত্র উপদেষ্টা মুহাম্মদ ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম। মতবিনিময় সভায় শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ এবং বৈশ্বিক উচ্চশিক্ষা নেটওয়ার্কে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে প্রতিষ্ঠানের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।