প্রকাশ :: ... | ... | ...

হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনা: সাজেকে প্রাণ গেল শিক্ষিকা ও তাঁর অনাগত সন্তানের


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী এক অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর গর্ভে থাকা অনাগত সন্তানটিও মারা গেছে। আজ শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেক ইউনিয়নের চাম্পাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষিকার নাম সুমন্তি চাকমা (৩০)। তিনি সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন্তি চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। আজ সকালে সন্তান প্রসবের জন্য সাজেক থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল তাঁকে। পথিমধ্যে চাম্পাতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ডাম্প ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সুমন্তি চাকমা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন্তি ও তাঁর গর্ভের সন্তানকে মৃত ঘোষণা করেন। বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী এক অন্তঃসত্ত্বা শিক্ষিকা গুরুতর আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়, সেখানে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দের প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় শিক্ষা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।