প্রকাশ :: ... | ... | ...

লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার


সংযুক্ত ছবি

| ছবি: বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্ত রক্ষী বাহিনী (১১ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে দু’টি লেবুভর্তি বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আদর্শগ্রাম চেকপোস্টের সংলগ্ন স্টিলের ব্রিজের নিচে এই সফল অভিযান পরিচালনা করে। আজ বৃহস্পতিবার সকালে ১১ বিজিবির পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দু’টি লেবু ভর্তি বস্তায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বস্তা দু’টির ভেতরে অত্যন্ত কৌশলে লুকানো ১০টি কার্টন থেকে মোট ৯৯ হাজার ৬৪০ পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ এই ইয়াবা সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, "দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদকের বিস্তার রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।"