| ছবি: গিরিকণ্ঠ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ কামাল উদ্দিন (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রসংলগ্ন বড়ুয়াপাড়া তিন রাস্তার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সন্দেহজনক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় অটোরিকশা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চালককে আটক করা হয়। আটককৃত কামাল উদ্দিন উখিয়ার কুতুপালং ২ নম্বর ইস্ট ক্যাম্পের ব্লক-বির মৃত জাহেদ হোসেনের ছেলে (এফসিএম-১৪১৯৪৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ব্যাটারিচালিত অটোরিকশযোগে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।