| ছবি: গিরিকণ্ঠ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার বিভিন্ন স্থানে বন্যার পানি প্রবেশ করেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তুমব্রুর কোনারপাড়া, মধ্যপাড়া, বাজারপাড়া, পশ্চিমকোল, ফকিরাগুনা ও উত্তরপাড়াসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এছাড়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার পানি ঢুকে পড়েছে, ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অনেক পরিবার। অনেকের রান্নাবান্না ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রয়োজনীয় ত্রাণ ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। এদিকে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।