প্রকাশ :: ... | ... | ...

থানচিতে বন্যা ও পাহাড়ধস: ২৭৬ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্র্যাক ও প্রশাসনের যৌথ ত্রাণ বিতরণ


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া দুর্গত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা 'ব্র্যাক'-এর যৌথ উদ্যোগে গত দুই দিনে মোট ২৭৬টি পরিবারের হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। রবিবার (১২ জুলাই) উপজেলার হিন্দুপাড়ায় ৫৬টি, বাগানপাড়ায় ৭৪টি এবং থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আশ্রয় নেওয়া ৬০টি পরিবারসহ মোট ১৯০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে শনিবার উপজেলার তিনটি আশ্রয়কেন্দ্রে থাকা আরও ৮৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ পৌঁছানো হয়েছিল। "টানা বর্ষণ ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলার আশ্রয়কেন্দ্রগুলো চালু রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসন সবসময় রয়েছে এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।" — মো. আব্দুল আল ফয়সাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল ফয়সাল ছাড়াও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় কর্মকর্তা জমির উদ্দিন, ব্র্যাক থানচি শাখার ম্যানেজার প্রিয়লাল চাকমা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। উল্লেখ্য, সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগেও থানচির দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।