কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় আলীকদম উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরির নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের বিএনপি প্রেমী মানুষ এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিকাল ৩টায় আলীকদম চৌমুহনী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সড়ক ও আলীকদম বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবুল কালাম। বান্দরবান জেলা বিএনপির সদস্য ও জেলা পরিষদের সদস্য মংক্যনু মার্মা। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.রিটন। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমদ। বিএনপির নেতা ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম মুনু। উপজেলা কৃষক দলের সভাপতি শাহাবুদ্দীন। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আবুল বশর। শ্রমিক দলের আহবায়ক মো.সুরুত আলম ও যুবদল নেতা মোস্তফা কামাল প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা দেশব্যাপী সংঘটিত অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।