প্রকাশ :: ... | ... | ...

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগামীকাল সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে আনা হবে। আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে। এদিকে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ঈদুল ফিতর-এর দিন তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।