প্রকাশ :: ... | ... | ...

বর্জ্য ব্যবস্থাপনা দেখতে ঢাকা জুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান


সংযুক্ত ছবি

বর্জ্য ব্যবস্থাপনা দেখতে রাস্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত

কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চার ঘণ্টা তিনি ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় গাড়ি চালান তিনি নিজেই। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যেতে বলা হলেও কোথায় যাওয়া হবে সে বিষয়ে আগে কিছু জানানো হয়নি। পরে তারা দেখতে পান, রাজধানীতে চলমান উন্নয়নকাজ ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণে বের হয়েছেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য এবং জমে থাকা ময়লা দেখতে পান তিনি। কয়েকটি এলাকার পরিস্থিতি নিয়ে অসন্তোষও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে আকস্মিক পরিদর্শনে কয়েকটি এলাকায় সেই নির্দেশনা বাস্তবায়নে ঘাটতি ধরা পড়ে।