| ছবি: সংগৃহীত
ভারতে আশ্রয় নিয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রয়টার্স জানায়, একটি চিঠির সূত্র ধরে তারা শেখ হাসিনার এই আবেদন করার বিষয়টি জানতে পেরেছে। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এবারই প্রথম তিনি এমন কোনো প্রাতিষ্ঠানিক আবেদন করলেন। রয়টার্সের প্রতিবেদনে এটিকে তার দেশে ফেরার সবচেয়ে স্পষ্ট ও বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনার আইনজীবীরা সোমবার রয়টার্সকে জানান, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব আইনি ও প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা শেষ হলেই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। এর আগে হাসিনা নিজেও রয়টার্সকে জানিয়েছিলেন যে, তিনি আদালতে আত্মসমর্পণ করতেই দেশে ফিরতে চান। তবে তার এই ফিরে আসার উদ্যোগে দেশের রাজনীতিতে নতুন করে তীব্র আইনি ও রাজনৈতিক উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেন। যদিও ভারতে অবস্থানরত শেখ হাসিনা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। উল্লেখ্য, বর্তমানে তার দল বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কপ-৩১ সম্মেলন ও পররাষ্ট্র সচিবের বক্তব্য: অন্যদিকে, বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে জানতে চাওয়া হয়। তবে পররাষ্ট্রসচিব বিষয়টি সরাসরি এড়িয়ে গিয়ে বলেন, "আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি, এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) আমার কোনো বক্তব্য নেই।"