১৫ সেপ্টেম্বর বান্দরবান আসছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু। | ছবি: সংগৃহীত
তিন দিনের সরকারি সফরে বান্দরবান পার্বত্য জেলায় যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সাচিং প্রু, এমপি। আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বান্দরবানে অবস্থান করবেন তিনি। গত ১৩ সেপ্টেম্বর মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ সফরসূচি জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করবেন মন্ত্রী সাচিং প্রু। চট্টগ্রাম হয়ে ১৬ সেপ্টেম্বর সকালে বান্দরবান সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সফরের প্রথম দিন ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পার্বত্যমন্ত্রী। পরে বেলা ৩টায় বান্দরবান সদর উপজেলার ক্রাউ আমতলী পাড়ায় শ্রীজসহ রাস্তা এবং সদর উপজেলার ডলুপাড়া রাস্তা আরসিসি করণের শুভ উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নিজ বাসভবন পরিদর্শন করে রাতে বান্দরবান সার্কিট হাউজে অবস্থান করবেন মন্ত্রী। সফরের দ্বিতীয় দিন ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘বান্দরবান জেলার পর্যটন উন্নয়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা’য় অংশ নেবেন সাচিং প্রু। সভা শেষে বিকেলে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সফরসূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর সকালে রাজধানীতে পৌঁছাবেন পার্বত্যমন্ত্রী। এদিকে, মন্ত্রীর সরকারি সফরকে কেন্দ্র করে জেলা ও পুলিশ প্রশাসন সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।