| ছবি: গিরিকণ্ঠ
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের পুরুষ দলের গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে আলীকদম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা দুর্দান্ত ক্রীড়ানৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শন করেন। টুর্নামেন্টের নারী বিভাগের গ্র্যান্ড ফাইনালে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, পুরুষ বিভাগের ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল চ্যাম্পিয়ন এবং আলীকদম উপজেলা দল রানার্সআপ হয়। এবারের টুর্নামেন্টে নারী ও পুরুষ দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় বিজিবি সেক্টর কমান্ডার, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে উভয় বিভাগে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। নারী দলে সেরা গোলকিপার নির্বাচিত হন রিংকি মারমা এবং সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন মাপ্রুচিং মারমা। এ ছাড়া পুরুষ দলে সেরা গোলকিপার হন ইমন বড়ুয়া এবং সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন মোঃ জাফর। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই টুর্নামেন্টের মাধ্যমে বান্দরবানের ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে।