| ছবি: গিরিকণ্ঠ
পার্বত্য জেলা বান্দরবানের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে কারাতে। এই জেলার কারাতে প্রতিযোগীরা এখন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ পদকসহ নানা সুনাম অর্জন করছেন এবং দেশের নাম উজ্জ্বল করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় কারাতে ইভেন্টে বান্দরবানের ২ জন প্রতিযোগী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে স্বর্ণ পদক পেয়ে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে। সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতার আগে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ আগামী ১৫ জুলাই থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ও ২য় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়ান কাপ”। এই মেগা ইভেন্টে অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকা রওনা হওয়ার পূর্বে আজ সকালে বান্দরবানের কারাতে প্রতিযোগীরা জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস-এর সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলী হায়দার বাবলু, কারাতে প্রশিক্ষক জ উই প্রু এবং নারী ক্রীড়াবিদ নিনি প্রুসহ অন্যান্য কোচ ও ক্রীড়াবিদরা। খেলোয়াড়দের আর্থিক সহায়তা ও নতুন পোশাকের আশ্বাস সাক্ষাৎকালে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস কারাতে ইভেন্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বান্দরবানের খেলোয়াড়দের ধারাবাহিক সাফল্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন। খেলোয়াড়দের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে প্রতিযোগীদের জন্য নতুন পোশাক (কস্টিউম) ও বিভিন্ন প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদানের আশ্বাস দেন। জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন,"আমি বান্দরবানের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে চাই। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজ যাতে মাদক থেকে দূরে থাকে, সেই লক্ষ্যে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। যে সকল প্রতিযোগী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বান্দরবানের পক্ষে অংশ নিয়ে সাফল্য বয়ে আনতে পারবে, তাদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে।"