প্রকাশ :: ... | ... | ...

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে নিয়োগ।


সংযুক্ত ছবি

জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। | ছবি: গিরিকন্ঠ

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সার্কিট হাউসে ৪৪টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে জাতীয় বেতন স্কেলে ৮ হাজার ২৫০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ জন, সাঁটমুদ্রাক্ষরিক সহকারী পদে ১ জন, ড্রাইভার পদে ৮ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ৯ জন, নিরাপত্তা প্রহরী পদে ১০ জন এবং মালী পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সাঁটমুদ্রাক্ষরিক সহকারী পদে বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। এসব পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং নির্ধারিত টাইপিং গতি থাকতে হবে। ড্রাইভার পদে আবেদনের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে। একইভাবে পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা প্রহরী ও মালী পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অন্যদিকে, খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্কিট হাউসে চারটি পদে ৭ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পরিচ্ছন্নতাকর্মী ১ জন, নিরাপত্তা প্রহরী ২ জন, দপ্তরী ১ জন এবং বেয়ারার ৩ জন। এসব পদে জাতীয় বেতন স্কেলের গ্রেড-২০ অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে ২০২৬ সালের ৫ এপ্রিল প্রকাশিত সরকারি গেজেট অনুসরণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম ৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। গ্রেড-১৬ পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা, অর্থাৎ মোট ১১২ টাকা এবং গ্রেড-২০ পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা, অর্থাৎ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে। আবেদন গ্রহণের শেষ সময় ৭ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা।