প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানে কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে


সংযুক্ত ছবি

বান্দরবানের আলীকদমে এক কৃষক দল নেতার স্কুলপড়ুয়া কন্যাকে অপহরণের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আনোয়ারুল ইসলাম মামুন (২৬) বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং আগামী উপজেলা পরিষদের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা ও আলীকদম উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো: সৈয়দ আলম বাদী হয়ে আলীকদম থানায় একটি মামলা দায়ের করেছেন। গত ৪ জুলাই দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সায়মন সৈয়দ শোভাকে (১৫) স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো মামুন। নিষেধ করার পরেও সে রাস্তাঘাটে বিরক্ত করতো এবং জোরপূর্বক বিয়ে করার হুমকি দিতো। গত ৮ জুন সকালে ওই ছাত্রী নিখোঁজ হলে প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পিতা। পরবর্তীতে জানা যায়, ওই দিনই আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা থেকে মামুনসহ এজাহারনামীয় ৬ জন এবং অজ্ঞাত আরও ২ জন মিলে জোরপূর্বক একটি সিএনজিতে করে শোভাকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। ভুক্তভোগীর পিতার বক্তব্য: "এখনো আমার মেয়ের কোনো খোঁজ পাইনি। তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণেই মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমি দ্রুত আমার মেয়েকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।" এই বিষয়ে বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন জানান, অভিযুক্ত আনোয়ারুল ইসলাম মামুনের দলীয় পদ বর্তমানে স্থগিত রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, "মামলা রুজু করা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।" এদিকে, একই রাজনৈতিক দলের দুই অঙ্গসংগঠনের নেতার মধ্যকার এই ঘটনা এবং স্কুলছাত্রী অপহরণের বিষয়ে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।