প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানের আলীকদমে সাড়ে ১৮ লিটার চোলাই মদসহ নারীসহ চারজন আটক


সংযুক্ত ছবি

বান্দরবানের আলীকদমে ১৮ দশমিক ৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার চারজন

বান্দরবানের আলীকদমে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮.৫ লিটার চোলাই মদসহ এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অংবাইঅং পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—উচম্রা মার্মা (২৪), থোয়াই ম্রা প্রু মার্মা (৫৫), চিংচিং মার্মা (৪৫) এবং উকিচিং মার্মা (৩২)। তারা সবাই আলীকদম সদর ইউনিয়নের অংবাই অং পাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় ৫ লিটারের একটি বোতল, ২ লিটারের ছয়টি বোতল, ১ লিটারের একটি বোতল এবং ৫০০ মিলিলিটারের একটি বোতলসহ মোট ১৮.৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৫৫০ টাকা। পুলিশ আরও জানায়, লাইসেন্স বা পাস ছাড়া অ্যালকোহল উৎপাদন, বহন, সরবরাহ, বিক্রি ও সংরক্ষণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ১০ অনুযায়ী নিষিদ্ধ এবং এর শাস্তি ধারা ৩৬-এ নির্ধারিত রয়েছে। এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন শাহা জানান, উদ্ধারকৃত চোলাই মদ ও আটককৃতদের থানায় এনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।