প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযান: ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১, অস্ত্র আইনে মামলা


সংযুক্ত ছবি

বান্দরবান জেলাধীন আলীকদমে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি সহ মাংরুম মুরুং (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। (১২ আগস্ট) বুধবার গভীর রাতে আলীকদম-থানচি সড়কের ১১ কিলো এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক মাংরুম মুরুং আলীকদম উপজেলার লংধং পাড়ার চাইং হং মুরুংয়ের ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর আলীকদম জোনের একটি টহল দল এবং আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশের একটি মোবাইল টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মাংরুম মুরুংকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ৩৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলিগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করে আটক ব্যক্তিসহ আলামত আলীকদম থানায় নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে লিখিত এজাহার দাখিলের পর আলীকদম থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১২ আগস্ট ২০২৬ তারিখে ২ নম্বর মামলা হিসেবে রুজু করা হয়। আলীকদম থানার তদন্ত কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ মাংরুম মুরুংকে আটক করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মামলার পর আটক মাংরুম মুরুংকে বুধবার সকাল ৭টার দিকে পুলিশ পাহারায় বান্দরবান সদরে আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়। উল্লেখ্য, সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সর্বশেষ এ অভিযানে বিপুলসংখ্যক গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্রের উৎস ও এগুলো কোথায় ব্যবহারের জন্য রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।