| ছবি: গিরিকণ্ঠ
বান্দরবানের আলীকদম উপজেলায় কলাবোঝাই একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালু সড়ক থেকে নিচে পড়ে দুর্ঘটনাকবলিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ম্যানথাক ম্রো পাড়া সংলগ্ন নাইক্ষ্যংছড়ি টপ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে সাহাব উদ্দিন (৪০) নামে একজন গাড়ি মিস্ত্রি নিহত হয়েছেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার মৃত নাজির আহমদের ছেলে। এ ঘটনায় কলার মালিক, চালক ও হেলপারসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত কলার মালিক আব্দুল মোবিন (৩২) চকরিয়ার ভাঙ্গারমুখ এলাকার মৃত নুরুল কবীরের ছেলে এবং চালক জোবায়েদ হোসেন রুবেল (৩২) বান্দরবানের লামা থানার ইয়াংছা এলাকার বাসিন্দা। তবে আহত হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি টপ এলাকা থেকে কলা বোঝাই করে পিকআপটি পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে নিচে নামছিল। পথিমধ্যে গাড়িটির ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারায় এবং পিকআপটি পর পর তিনবার উল্টে নাইক্ষ্যংছড়ি টপের নিচে আছড়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আলীকদম সদর এলাকা থেকে পিকআপ কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাহাব উদ্দিন নামের একজন মারা যান। গুরুতর আহত কলার মালিক আব্দুল মোবিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।